সানরাইজার্স হায়দরাবাদের সাত ম্যাচের সবগুলোতেই খেলেছেন ওয়াশিংটন সুন্দর। সর্বশেষ ম্যাচেও ব্যাট-বল হাতে দারুণ অবদান রেখেছিলেন। কিন্তু দলকে খাদের কিনাড়া থেকে টেনে তুলতে পারেননি। তার মাঝেই খবর মিলেছে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আইপিএল শেষ হয়ে গেছে এই তারকার।
প্রথম দিকের সবগুলো ম্যাচে খেললেও ওয়াশিংটন ৬ ম্যাচে উইকেটহীন ছিলেন। দিল্লির বিপক্ষে সর্বশেষ ম্যাচেই ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতেও ১৫ বলে করেছেন ২৪*। মৌসুমে যা তার সর্বোচ্চ ইনিংস! এই অবস্থায় ওয়াশিংটনের মতো অলরাউন্ডারের ছিটকে যাওয়া মানে হায়দরাবাদের ভারসাম্য নষ্ট হওয়া। ২০১৬ সালের চ্যাম্পিয়নরা মাত্র ২ জয়ে টেবিলের নবমতম স্থানে রয়েছে। ২৯ এপ্রিল ফিরতি লেগে আবার দিল্লির মুখোমুখি হবে তারা।
সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের দুর্ভাগ্যও পিছু ছাড়ছে না। রয়্যাল লন্ডন কাপে ফিল্ডিংয়ে বাজেভাবে পড়ে গিয়ে বাম কাঁধে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন। তার পর তো জাতীয় দলের হয়ে মিস করেছেন জিম্বাবুয়ে সফরও। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে গত ফেব্রুয়ারিতেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। ফলে বিশ্বকাপের আগে তার নতুন এই চোট চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় শিবিরেও।









