আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই ভাগে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হলেও খেলা হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম ভাগ ও পরদিন সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে দ্বিতীয় ভাগ ইংল্যান্ডের বিমান ধরবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
দুই ভাগে ক্রিকেটাররা ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হলেও সাকিব আল হাসান ও লিটন দাসকে সফরের কোনও গ্রুপেই দেখা যাবে না। কেননা সাকিব ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অন্যদিকে, লিটন কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। পারিবারিক কারণে আইপিএল ছেড়ে হুট করে দেশে ফিরেছেন। ৫ মে ভারত থেকে সরাসরি তার ইংল্যান্ডে যাওয়ার কথা থাকলেও এখন সেটি হচ্ছে না।
এদিকে, ইংলিশ কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের স্কিল ক্যাম্প করেছেন ক্রিকেটাররা। এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে চেমসফোর্ডে সাকিব-তামিমরা আরও এক সপ্তাহের মতো কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ হবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশের জন্য সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আয়ারল্যান্ডের জন্য তা বাঁচা-মরার লড়াই। বাংলাদেশ আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি চলে যাবে আইরিশ দল। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে তাদের খেলতে হবে।
বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ না হলেও ইংল্যান্ডে আগ্রাসী ক্রিকেট খেলার লক্ষ্য বাংলাদেশের। একদিন আগে গণমাধ্যমকে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তেমনটাই জানিয়েছেন, ‘আমাদের অ্যাপ্রোচ সবসময় থাকবে ইতিবাচক আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন নয় যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে। ক্রিকেটারদেরও এই কথা বলি সবসময়। আগ্রাসী ক্রিকেট মানে হলো যা-ই করি না কেন ইতিবাচকভাবে আগ্রাসী ইন্টেন্ট নিয়ে খেলা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই, ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে।’
আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।








