ঢাকা প্রিমিয়ার লিগ

প্রথম দিনে আবাহনী-মোহামেডানের জমজমাট লড়াইয়ের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ২২:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২২:৫৯

ঘরোয়া ক্রিকেটে মোহামেডান-আবাহনী দ্বৈরথ মানেই বাড়তি উন্মাদনা, জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। যদিও সেসব এখন সুদূর অতীত। সময়ের ব্যবধানে দুই দলের লড়াইয়ের জৌলুস হারিয়েছে বহু আগেই। তবু আবাহনী ও মোহামেডান লড়াইয়ের অন্যরকম আকর্ষণ থাকে। রবিবার সুপার লিগের প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী ক্লাব।

এদিন শুধু আবাহনী-মোহামেডান নয়, আরও চারটি দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে। সুপার লিগে খেলা ৬টি দল হলো— শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে সব ছাপিয়ে আলো থাকবে আবাহনী ও মোহামেডান ম্যাচের ওপর। 

মোহামেডানের বিপক্ষে লড়াইয়ের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ঐতিহ্যবাহী দুই ক্লাবের লড়াই মোসাদ্দেককে ভালো অনুভূতি দেয় বলে জানিয়েছেন, ‘ফিল তো অবশ্যই করি। আমি যখন ঢাকা লিগ শুরু করেছি, ওই সময় থেকেই আবাহনী-মোহামেডানের একটা হাইভোল্টেজ ম্যাচ সবসময় আমরা দেখে থাকি। নিজেও অনেকবার ফেস করেছি। আশা করছি সুপার লিগ থেকে ওই ফিলটা পাবো।’

মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েসের মুখেও শোনা গেলো একই কথা, ‘যারা খেলে তারা তো ফিল করে আবাহনী-মোহামেডান ম্যাচে ভিন্ন আবহ থাকে। গত কয়েক বছর মোহামেডান হয়তো আবাহনীর সঙ্গে ভালো করছে না, এবার আমরা চেষ্টা করবো। এখনও একটা ম্যাচ আছে।’

সত্তর-আশি কিংবা নব্বইয়ের দশকে আবাহনী-মোহামেডান লড়াই মানেই স্টেডিয়াম পাড়ায় সপ্তাহ খানেক আগে থেকে উত্তেজনা। সেসব এখন কল্পনাও করা যায় না। রবিবার সকালে তো দুই দল পাশাপাশি নেটে অনুশীলন করেছে। অথচ অতীতে একে অন্যের সঙ্গে কথা বলা কিংবা ছায়া মাড়ানোও ছিল বিরাট কোনও ঘটনা। আকরাম-লিপু-নান্নুদের জন্য যা ছিল বিশাল চাপের। কিন্তু এখন আবাহনী আর মোহামেডানের এমন দৃশ্য রোজকার ঘটনা। 

মোসাদ্দেক অবশ্য জানালেন তাদের ওপর কোনও চাপ নেই, ‘আলাদা কোনও পরিকল্পনা নেই বা ওভাবে প্রেসার নেই। সুপার লিগে যে ছয়টা দল আছে, সব দলই খুব ভালো। সব দলেই ভালো  খেলোয়াড় আছে। আমি মনে করি আমাদের খুব গোছানো একটা দল, প্রতিটা প্লেয়ারই ভালো টাচে আছে। ওই জায়গা থেকে তো অবশ্যই আশাবাদী।’

এদিকে পুরো আসরজুড়েই দারুণ ক্রিকেট খেলেছে আবাহনী। প্রথম রাউন্ডে একমাত্র শেখ জামালের বিপক্ষে হার ছাড়া বাকি একটি ম্যাচেও তারা হারেনি। আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। বল হাতে তানভীর ইসলাম-সাইফউদ্দিনরা আছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার ওপরে আবাহনীর নাম। তাই সোমবার মোহামেডানকে হারিয়ে শিরোপার রেসে এগিয়ে থাকতে বদ্ধপরিকর আবাহনী। মোসাদ্দেক সেই কথাই জানালেন, ‘লক্ষ্য তো মোহামেডান হোক বা যে কোনও দল, জেতার জন্য নামবো অবশ্যই। জেতার জন্যই খেলবো ইনশাআল্লাহ। ’

সুপার লিগের আগে মোহামেডান খর্বশক্তির দলে পরিণত হয়েছে। সাকিব আল হাসান, রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ নেই জাতীয় দলের ব্যস্তসূচির কারণে। বিদেশি ক্রিকেটার জ্যাক লিন্টটও চলে গেছেন নিজ দেশে। মোসাদ্দেক সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান, ‘এটা অবশ্যই তাদের জন্য একটা ডিজঅ্যাডভান্টেজ যে মূল খেলোয়াড়দের পাচ্ছে না। অবশ্যই এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আসলে ছোট করে দেখার তো কিছু নেই। ওদের দলে বেশ ক্যাপাবল প্লেয়ার আছে, যারা একাই ম্যাচ জেতাতে পারে।’

এদিকে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হারায় মোহামেডানের সুপার লিগে ওঠা নিয়ে সংশয় ছিল। সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা যোগ দেওয়ার পর দলের অবস্থার পরিবর্তন হয়। টানা ছয় জয়ে নিশ্চিত করে সুপার লিগ। ১১ ম্যাচে ছয় জয়ে তাদের অবস্থান পঞ্চম স্থানে। অবশ্য জাতীয় দলের সিরিজ থাকায় রনি-সাকিব-মিরাজকে সুপার লিগে পাবে না মোহামেডান। 

এসব নিয়ে অবশ্য বেশি ভাবছেন না অধিনায়ক ইমরুল কায়েস। তার ভাবনায় শুধু জয়। আবাহনীর বিপক্ষেই জয় পেতে উদগ্রীব হয়ে আছেন তিনি, ‘আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার এবং ম্যাচ জেতার। প্রথম রাউন্ডে তারা (আবাহনী) আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাই জিতেছে। একটা সময় আমরা ভালো শুরু পেয়েও ভালোভাবে শেষ করতে পারিনি। বড় রান করলে অবশ্যই ওদের জন্য প্রেসার থাকবে। দেখা যাক খেলার ফল কালকে দিনশেষে বোঝা যাবে।’ 

সাকিব-মিরাজ-রনিদের নিয়ে জয়ে ফিরেছিল মোহামেডান। বিদেশি ক্রিকেটার জ্যাক লিন্টটও প্রভাব ফেলেছিলেন। কিন্তু এখন তারা নেই। যদিও ইমরুল আশা করছেন তাদের ছাড়াই সেরাটা দিতে পারবেন, ‘প্রত্যেকটা দলেরই একই সমস্যা হবে। কম বেশি সব দলেরই জাতীয় দলের খেলোয়াড় থাকবে না। শুধু যে আমরা সমস্যা মোকাবিলা করবো তা নয়, সবার জন্যই কম্বিনেশন সমস্যা। আমার কাছে মনে হয় তাদের (সাকিব-মিরাজ) ব্যাকআপ যাদের নিয়েছি, তারা এখন ভালো করতেছে। আশা করি ভালো কিছু হবে। তাছাড়া আমাদের হয়ে খেলা জ্যাক লিন্টটের বদলে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এসেছেন।’

সোমবার আবাহনী-মোহামেডানের লড়াই ছাড়াও সুপার লিগের আরও চারটি দল মাঠের লড়াইয়ে নামবে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এছাড়া বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এর বাইরে রেলিগেশন লিগে ঢাকা লেপার্ডস খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম