তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে হারিয়ে মনোবলে বিন্দুমাত্র চিড় ধরেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। বরং তাদের ছাড়াই দুর্দান্ত এক ম্যাচ জিতে নিয়েছে শিরোপা প্রত্যাশীরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাটিং করেছেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দিপু ও জাকির হাসান। তাদের জোড়া সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে দিতে পারে ৩৩১ রানের লক্ষ্য। তবে কঠিন সেই লক্ষ্য ছুঁতে পারেনি মাশরাফির রূপগঞ্জ। ১৫৭ রানে থেমে যাওয়ায় ১৭৩ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
বিকেএসপিতে ৩৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জ ৩১ রানে দুই উইকেট হারিয়েছে। ওপেনিং পজিশনে উন্নতি পাওয়া সাব্বির রহমান ২০ রানে আউট হয়েছেন। তার আগে ফারদিন হাসান অনি ১৬ বলে ৬ রানের ইনিংস খেলেছেন। বড় লক্ষ্যের বিপক্ষে খেলতে নেমে রূপগঞ্জের কোনও ব্যাটার তাদের ইনিংসগুলো লম্বা করতে পারেননি। বল হাতে দারুণ করা চেরাগ জানির ব্যাটে আসে রূপগঞ্জের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস।
এছাড়া আশিকুল আলমের ব্যাট থেকে আসে ৩৬ রান। বল হাতে ৬৭ রান দেওয়া অধিনায়ক মাশরাফি ব্যাট হাতেও রানের খাতা না খুলে আউট হয়েছেন। শেষ পর্যন্ত আট নম্বরে নামা সোহাগ গাজী আক্রমণাত্মক ব্যাটিং করার কিছুক্ষণ লড়াই করার চেষ্টা করেছেন। কিন্তু ২৪ বলে ২১ রান করে আউট হন তিনি। এছাড়া রাজিবুল ইসলাম ২৯ বলে ১৬ রান করে আউট হতেই মাশরাফিদের ইনিংস থামে ৩৮.৩ ওভারে ১৫৭ রানে।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসির হোসেন নেন দুটি করে উইকেট। এছাড়া মঈনুল ইসলাম, অলক কাপালি ও কাশিফ ভাট একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে তরুণ দুই ওপেনার দিপু ও জাকিরের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করেছে। জাকির ও দিপু মিলে ২২২ রানের ওপেনিং জুটিতে বড় স্কোরের মঞ্চ গড়েছেন। তবে সেঞ্চুরি তোলার পর পরই সাজঘরে ফেরেন দুই ওপেনার।
১০৬ বলে ১৩ চারে ১০৬ রানের ইনিংস খেলা জাকির শিকার হন চেরাগ জানির। সঙ্গীকে হারানোর পর দিপু তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। মিঠুনের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে আব্দুল হালিমের বলে ক্লিন বোল্ড হন দিপু। ফেরার আগে ১১৯ বলে ১০ চারে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। দিপুর আউটের পর স্কোরবোর্ডে আরও তিন রান যোগ হতেই মিঠুনও (১৮) আউট হয়েছেন। এরপর নাসির হোসেন ও আল আমিন জুনিয়র মিলে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোরকে তিনশতে নিয়ে গেছেন। নাসির ১৭ বলে ১৫ রান করে আউট হলেও আল আমিন খেলেছেন ঝড়ো ইনিংস। ২৭ বলে ৮ চার ও ১ ছক্কায় তার করা ৫৬ রানের ওপর ভর করে প্রাইম ব্যাংক ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেছে।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চেরাগ জানি তিনটি উইকেট নিয়েছেন। আব্দুল হালিম দুটি এবং পেসার আল আমিন নেন একটি উইকেট।









