২১৪ রানের বড় স্কোর গড়ে জয়ের স্বপ্ন দেখছিল পাঞ্জাব কিংস। জবাবে প্রথম ওভারে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ও পাওয়ার প্লের শেষ দিকে গ্রিনের উইকেট তুলে সেই সম্ভাবনা জোরালোও করেছিল। কিন্তু সূর্যকুমার যাদব ও ইশান কিশানের ১১৬ রানের ঝড়ো জুটি জয় বঞ্চিত করেছে তাদের। দুজনে দ্রুত বিদায় নিলেও পরে মুম্বাইকে জয়ের বন্দরে নিয়ে গেছেন টিম ডেভিড ও তিলক বর্মা। তাতে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে মুম্বাই।
এই জয়ে পাঞ্জাবের সমান ১০ পয়েন্ট অর্জন করেছে মুম্বাই। যদিও পাঞ্জাবের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে তারা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বাই ছয়ে উঠেছে। পাঞ্জাব একটি ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরে অবস্থান নিয়েছে।
স্কোর: পাঞ্জাব কিংস ২১৪/৩
মুম্বাই: ২১৬/৪
ফল: মুম্বাই ৬ উইকেটে জয়ী।
জয়ের মঞ্চ গড়ে দিতে ইশান কিশান ৪১ বল ৭ চার ও ৪ ছক্কায় ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। সূর্যকুমার যাদবও ৩১ বলে উপহার দিয়েছেন ৬৬ রানের টর্নেডো ইনিংস। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়। পরে টিম ডেভিড ১০ বলে ১৯ ও তিলক বর্মা ১০ বলে ২৬ রানের মিনি ঝড় তুলে ১৮.৫ ওভারেই দলকে জয়ের বন্দরে নিয়েছেন।
পাঞ্জাবের হয়ে ৩৪ রানে দুটি উইকেট নিয়েছেন নাথান এলিস।
শুরুতে টস হেরে ব্যাট করলেও ৩ উইকেটে ২১৪ রানের বড় স্কোর পায় পাঞ্জাব। তাতে বড় অবদান লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মার। লিভিংস্টোন ৪২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮২* রানে অপরাজিত ছিলেন। জিতেশ ২৭ বলে উপহার দিয়েছেন অপরাজিত ৪৯ রানের ইনিংস। তাতে ছিল ৫টি চার ও ২টি ছয়। কিন্তু তাদের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি বৃথা গেছে শেষ পর্যন্ত।









