বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশের ‘এ’ দলের তিনটি চারদিনের আনঅফিসিয়াল টেস্ট শুরু হচ্ছে ১৬ মে থেকে। এই সিরিজের জন্য আফিফ হোসেনের নেতৃত্বে দুই দিন আগে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার ১৫ জনের দল নির্বাচন করলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউিই)।
এই দলকে নেতৃত্ব দেবেন ২২ টেস্ট খেলা জশুয়া ডা সিলভা। এই উইকেটকিপার ব্যাটার ২০২১ সালে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে বাংলাদেশে খেলে গেছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা বাঁহাতি ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল, বাঁহাতি অলরাউন্ডার রেমন রেইফার, ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ ও বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি আসছেন বাংলাদেশে। ত্যাগনারায়ণ ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট শিবনারায়ণ চন্দরপলের ছেলে। গত বছর আগস্টে ‘এ’ দলের হয়ে বাংলাদেশের মুখোমুখি হন তিনি। একই বছরের শেষ দিকে হয় টেস্ট অভিষেক, ৬ ম্যাচে একটি ডাবল সেঞ্চুরিসহ চারশর বেশি রান তার ঝুলিতে।
এই স্কোয়াডে তিনজন নবাগত ওপেনার কির্ক ম্যাককেঞ্জি, জাচারি ম্যাকক্যাস্কি ও ফাস্ট বোলার জায়ার ম্যাকঅ্যালিস্টার। বিদেশের কন্ডিশনে নতুনদের মানিয়ে নিতে ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করা হয়েছে বললেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেনেস।
আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয়ানরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। গত বছর চারদিনের দুই ম্যাচের সিরিজ ড্র করেছিল দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ ২৩ ও ৩০ মে।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ স্কোয়াড: জশুয়া ডা সিলভা (অধিনায়ক), অ্যালিক আথানাজে, ইয়ানিক কারিয়া, কিসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল, তেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জায়ার ম্যাকঅ্যালিস্টার, জাচারি ম্যাকক্যাস্কি, কির্ক ম্যাককেঞ্জি, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, কেভিন সিনক্লেয়ার।









