ঘুরে দাঁড়াচ্ছে দিল্লি ক্যাপিটালস। প্রথম পাঁচ ম্যাচে হেরেছিল তারা। এই দলটিই শনিবার পরের পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেয়ে গেলো, তাও আবার তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
ফিল সল্টের আগ্রাসী ব্যাটিংয়ে ২০ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে দিল্লি। টস জিতে প্রতিপক্ষের মাঠে আগে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি ও মহীপাল লমররের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮১ রান করেছিল বেঙ্গালুরু। জবাবে ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান করে দিল্লি।
ফাফ ডু প্লেসি ও কোহলির ৬৩ বলে ৮২ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিল বেঙ্গালুরু। ডু প্লেসিকে (৪৫) ফেরানোর পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে (০) আউট করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন মিচেল মার্শ। নতুন ব্যাটার মহীপাল তাকে হতাশ করেন।
কোহলি ধীরগতির হাফ সেঞ্চুরি করে বিদায় নেন ১৬তম ওভারে। ৪৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৫ রান করেন তিনি। মহীপাল ঝড়ো ইনিংস খেলে চ্যালেঞ্জিং স্কোরে ভূমিকা রাখেন। ২৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি।
বড় লক্ষ্যে নেমে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার ও সল্ট। উদ্বোধনী জুটিতে ৩১ বল খেলে তারা তোলেন ৬০ রান। ওয়ার্নার ১৪ বলে ২২ রানে বিদায় নেওয়ার পর মার্শ দারুণ সঙ্গ দেন সল্টকে। দুজনের ৩২ বলের জুটিতে যোগ হয় ৫৯ রান। মার্শ ২৬ রানে ফিরে যাওয়ার পর সল্ট ও রাইলি রুসোর আক্রমণাত্মক ব্যাটিং।
চতুর্থ ওভারে দিনেশ কার্তিকের কাছে জীবন পাওয়া সল্ট ভোগান বেঙ্গালুরুকে। ২৮ বলে ৬ চার ও ৩ ছয়ে ফিফটি করেন ইংলিশ ব্যাটার। লক্ষ্য থেকে ১১ রান দূরে আউট হন সল্ট। দিল্লি ওপেনার ৪৫ বলে ৮ চার ও ৬ ছয়ে ৮৭ রানে থামেন।
৫২ রানের জুটি ভাঙার পর রুসো ২২ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জেতান। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন সল্ট।
এই হারে সেরা চারে ঢোকার সুযোগ হারালো বেঙ্গালুরু। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে তারা। আর সমান খেলে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠলো দিল্লি। প্লে অফে তাদের খেলার ক্ষীণ আশা এখনও বেঁচে থাকলো।









