এশিয়া কাপ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হযরত আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছেছে ধোনি-কোহলির টিম ইন্ডিয়া। বিসিবির লজিস্টিক বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার ২৩০ নম্বর ফ্লাইটে চড়ে ঢাকায় আসেন তারা। আগামীকাল সোমবার বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে মহেন্দ্র সিং ধোনির দল।
আগামী বুধবার স্বাগতিক বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপের মূল পর্ব। ৬ মার্চ শেষ হবে এই আসর। সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মূল পর্ব শুরু হওয়ার আগে চলছে বাছাইপর্ব। শুক্রবার থেকে শুরু হওয়া বাছাইপর্বে অংশ নেবে আইসিসির চার সহযোগী দেশ আফগানিস্তান, আরব আমিরাত, হংকং ও ওমান। লিগ পদ্ধতিতে সবাই খেলবে সবার সঙ্গে একবার করে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি পাবে মূল পর্বের টিকিট।
/আরআই/এমআর/








