আইপিএলে বেঙ্গালুরু-গুজরাট ম্যাচের ওপর মুম্বাইয়ের প্লে-অফ ভাগ্য নির্ভর করছিল। বেঙ্গালুরু জিতলে রান রেট বিবেচনায় টিকিট কাটতো প্লে-অফের। কিন্তু তাদের পরাজয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট ৬ উইকেটে হারিয়েছে। তাতে বিদায় নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর।
লিগ পর্ব শেষে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দারুণ ছন্দে থেকে গুজরাট প্লে-অফে যাচ্ছে। সেরা চারের বাকি তিন দল হলো চেন্নাই, লখনউ ও মুম্বাই। চেন্নাই, লখনউর সমান ম্যাচে ১৭ পয়েন্ট। মুম্বাইয়ের অর্জন ছিল ১৬।
বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৯৭ রানের পুঁজি পেয়েছিল বেঙ্গালুরু। শেষ পর্যন্ত কোহলির ১০১* রানের ইনিংসটিও ম্লান হয়ে গেছে শুবমান গিলের বিস্ফোরক সেঞ্চুরিতে (১০৪*)। রোমাঞ্চকর হয়ে ওঠা ম্যাচের জয়ের নায়কই ছিলেন গিল। শেষ দিকে বেঙ্গালুরুর বাজে বোলিংও এই হারকে তরান্বিত করেছে। শেষ ২৪ বলে ৪৩ রান প্রয়োজন ছিল গুজরাটের। ১৮তম ওভারে গিল ছক্কা যেমন মেরেছেন, তেমনি উইকেটও তুলে নিয়েছেন বেঙ্গালুরুর সিরাজ। তাতে চাপ অব্যাহত ছিল শেষ ওভার পর্যন্ত। কিন্তু গিলের ব্যাটিং বীরত্বে সব চাপই ছিন্ন করেছে গুজরাট। ১৯.১ ওভারে ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূরণের সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেছেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।
অবশ্য শেষ ওভারে প্রথম বৈধ ডেলিভারিটি করার আগে একটি নো বল ও একটি ওয়াইড দিয়ে ম্যাচ শেষের রোমাঞ্চটা নষ্ট করেছেন বেঙ্গালুরু বোলার পারনেল।
২৫ রানে ঋদ্ধিমান সাহার উইকেট পড়ার পর গুজরাটকে জয়ের পথে রাখে মূলত বিজয় শঙ্কর ও গিলের বিস্ফোরক জুটি। ৭১ বলে ১২৩ রান যোগ করেন তারা। শঙ্কর ৩৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে আউট হলে ভাঙে দারুণ এই জুটি। তার পর দাসুন শানাকা (০), ডেভিড মিলার (৬) আউট হলেও ম্যাচ হাতছাড়া হতে দেননি গিল। ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন।
বেঙ্গালুরুর হয়ে ৩২ রানে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। একটি করে নিয়েছেন বিজয়কুমার বৈশাখ ও হার্শাল প্যাটেল।
শুরুতে টস হেরে ব্যাট করলেও বেঙ্গালুরুর বড় স্কোরের মূল কারিগর ছিলেন কোহলি। সঙ্গীদের পক্ষ থেকে বেশি বড় ইনিংস পাননি যদিও। ফাফ দু প্লেসি ২৮, মাইকেল ব্রেসওয়েল ২৬ রানে ফিরেছেন। কোহলির সঙ্গে শুধু ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২৩ রানে অপরাজিত ছিলেন আনুজ রাওয়াত। শুরু থেকে আক্রমণাত্মক খেলা কোহলি ৬১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০১ রানে অপরাজিত ছিলেন। এই সেঞ্চুরিতে আবার আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি। এটি কোহলির সপ্তম আইপিএল সেঞ্চুরি। টপকেছেন ৬টি সেঞ্চুরি করা ক্রিস গেইলকে।
গুজরাটের হয়ে ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন নূর আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও রশিদ খান।









