ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাঁ হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে বৃহস্পতিবার। হাসপাতাল ও চেন্নাই সুপার কিংস সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং উইকেটকিপার ব্যাটার সুস্থ আছেন।
প্রাথমিকভাবে বলা হয়েছিল, আরও দুই দিন হাসপাতালে থাকা লাগতে পারে। কিন্তু সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
চেন্নাইয়ের সিইও কাশি বিশ্বনাথন জানান, অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার সকালে ধোনির সঙ্গে কথা বলেন তিনি।
ওই কর্মকর্তা বলেছেন, ‘অপারেশনের পর তার সঙ্গে কথা বলেছিলাম আমি। কোন অপারেশন হয়েছে সেটা আমি বিস্তারিতভাবে বলতে পারছি না। কিন্তু আমাদের জানানো হয়েছে কি-হোল অস্ত্রোপচার হয়েছে। কথাবার্তায় বোঝা গেছে, তিনি ভালো আছেন।’
মুম্বাইয়ের ককিলাবেন হাসপাতালে ধোনির অস্ত্রোপচার করা হয়েছে। তার স্ত্রী সাক্ষী হাসপাতালেই ছিলেন। বুধবার তাকে ভর্তি করানো হয়।
এই ইনজুরি নিয়েই ধোনি আইপিএল খেলেছেন। বিটুইন দ্য উইকেটে রান নিতে বেশ ভুগতে দেখা গেছে তাকে।
গত সোমবার রাতে গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চম আইপিএল ট্রফি জিতে রেকর্ড ছোঁয় ধোনির চেন্নাই। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে আগামী বছরও আইপিএলে খেলার কথা জানান ৪১ বছর বয়সী তারকা ক্রিকেটার।









