চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম মেয়াদে অনেক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তারপরও নানা কারণে চাকরি থেকে ইস্তফা দিতে হয় কড়া ‘হেডমাস্টার’ খ্যাত লঙ্কান কোচকে। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে আবার বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানের মতে, বাংলাদেশে কাজ করা কোচদের মধ্যে তিনি সেরাদের একজন।
২০১৫ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলেছে হাথুরুসিংহের কোচিংয়েই। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছে সেমিফাইনাল। তাছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয়েরও নজির গড়েছে। তবু তার প্রথম অধ্যায় শেষ হয়েছিল তিক্ততায়। বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ করেছিলেন তিনি। তবে ৫৪ বছর বয়সী এই কোচকে নিয়ে আকরামের মূল্যায়ন, ‘আমি এটা বলবো না যে, তিনি অনেক উন্নত কোচ। তবে বাংলাদেশে যতগুলো কোচ এসেছেন তার মধ্যে সেরাদের একজন। তার ক্রিকেটীয় জ্ঞান তো আছেই, এর বাইরে যে কার্যক্রমগুলো আছে সেটা অন্য কোচদের থেকে আমরা পাই না। তো সেজন্যই বাংলাদেশের পারফরম্যান্স ভালো হচ্ছে। আমি আশা করছি, তিনি (হাথুরুসিংহে) যেহেতু দলের সঙ্গে আছেন, আমরা ভালো পারফরম্যান্স করবো।’
সাম্প্রতিক পারফরম্যান্সের কথা তুলে এনে আকরাম আরও বলেছেন, ‘তার কোচিংয়ের পাশাপাশি প্লেয়াররাও রিসেন্টলি অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তরুণ ক্রিকেটাররা ভালো করছে, ফাস্ট বোলাররাও ভালো করছে।’









