বন্দর নগরী চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই খেলার মাঠের তীব্র সংকট। তার মধ্যে যে কয়েকটি মাঠ আছে, সেগুলোও দখল করে নানা রকম মেলা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তাতে শুধু ক্রিকেট নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রীড়াঙ্গনও। অবশেষে সংকট কাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রামে ক্রিকেট মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মাঠের জায়গাও নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।
এমনিতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কোনও মাঠ নেই। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার একটি মাঠ আছে, সেটি অবশ্য নগরের শেষ প্রান্তে। এছাড়া বিকেএসপি চট্টগ্রামের একটি নিজস্ব মাঠ থাকলেও সেটি খেলার জন্য উপযুক্ত নয়। ফলে বিকেএসপিতে ক্রিকেট শাখা চালু করা সম্ভব হয়নি।
চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সারাবছর জমজমাট করে রাখে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। এ সংস্থার নিজস্ব মাঠ বলতে এমএ আজিজ স্টেডিয়াম। এখানে কেবল ক্রিকেটই নয় ফুটবল, হকি, হ্যান্ডবল, ভলিবলসহ নানা প্রতিযোগিতাও হয়। এমনকি জরুরি হেলিকপ্টার অবতরণের সুবিধাজনক জায়গাও এটি! এই স্টেডিয়ামের পাশেই রয়েছে আউটার স্টেডিয়াম। যেখানে আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু থেকে শুরু করে নাফিস ইকবাল, তামিম ইকবালরা ক্রিকেট খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অথচ এটি বছরের অধিকাংশ সময় মেলার দখলে থাকে। একই অবস্থা নগরের পলোগ্রাউন্ড মাঠ ও লালদীঘির মাঠেরও।
এমন অবস্থায় চট্টগ্রামের ক্রিকেটারদের অনুশীলনের জায়গা সংকুচিত হয়ে গেছে। বিশেষ করে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। সবকিছু বিবেচনা করে বিসিবি ক্রিকেটারদের জন্য আলাদা একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে। আকরাম খান এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘চট্টগ্রামে আমরা একটা জায়গা মোটামুটি পছন্দ করে রেখেছি। আমাদের কমিটিতে যারা আছেন, সোহেল ভাই, মল্লিক ভাই, সিরাজ ভাই- তারা রাজি হলে আমরা সেটা নেওয়ার ব্যবস্থা করবো এবং চট্টগ্রামের ক্রিকেটারদের খেলার ব্যবস্থা করে দেবো। যা চট্টগ্রামের ক্রিকেটের জন্য দারুণ একটি ব্যাপার হবে। চট্টগ্রামে এমনিতে মাঠের অনেক সংকট। ঢাকায় যেমন দেখা যাচ্ছে, মেয়র কাপ হচ্ছে। চট্টগ্রামে এগুলো হচ্ছে না। চট্টগ্রাম থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে। ওদের খেলার সুযোগ দিলে আমার বিশ্বাস অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।’
এর বাইরে চট্টগ্রাম নারী ক্রিকেটারদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও আছে বিসিবির। এ ব্যাপারে আকরাম বলেছেন, ‘আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ধরে নিতে পারেন সেটা হয়ে যাচ্ছে। অনুমতি পেলে আমরা কাজটা শুরু করবো।’









