মাস দুয়েক আগে ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। ২০১৪ সালে ক্রিকেটারদের বেতন বাড়লেও বাড়েনি ২০১৫ সালে। তাই সোমবারের বোর্ড মিটিংয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের দেওয়া প্রস্তাব অনুযায়ী ক্রিকেটারদের বেতন ২৫ ভাগ বৃদ্ধি করা হয়েছে।
এই অনুমোদনের ফলে 'এ প্লাস' ক্যাটাগরির ক্রিকেটাররা ২.৫ লাখ টাকা করে বেতন পাবেন। টেস্ট ও ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালনের জন্য বাড়তি ২০ হাজার টাকা পাবেন মুশফিক ও মাশরাফি। ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা সাকিব ও তামিম পাবেন বাড়তি ১০ হাজার টাকা।
'এ' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। 'বি' ক্যাটাগরিতে ১ লাখ ৫০ হাজার, 'সি' ক্যাটাগরিতে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও 'ডি' ক্যাটাগরিতে ৭৫ হাজার টাকা।
এদিকে ২০১৬ সাল থেকে ১৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে আনার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে চুক্তি থেকে সাময়িক বাদ দেওয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। রুবেল প্রসঙ্গে বলতে গিয়ে বিসিবি সভাপতি সোমবার জানান, 'আগের সবাই আছে। শুধু রুবেল ছাড়া। ইনজুরি থেকে ফেরার জন্য তাকে যে নির্দেশনা দেয়া হয়েছিলো, সেটা রুবেল অনুসরণ করেনি। এ জন্যই তাকে আপাতত রাখা হয়নি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার জায়গায় এখনও কাউকে নেওয়া হয়নি। কারণ দর্শানোর নোটিশে সে যদি সন্তোষজনক উত্তর দিতে পারে, তবে চুক্তিতে ঢুকবে। না হলে সে বাদ যাবে।'
তবে নতুন চুক্তিতে কোন ১৪ জন আছেন তা এখনও ঘোষণা হয়নি। এদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে অধিনায়ক হিসেব মাশরাফি বিন মর্তুজা এবং সহ-অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বিসিবি।
/আরআই/এমআর/








