ইমার্জিং এশিয়া কাপ খেলতে শুক্রবার রাতে হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশের মেয়েরা। রবিবার অনুশীলন করে সোমবারই মাঠে নামতে হচ্ছে লতা মণ্ডলের দলকে। এদিন বেলা সাড়ে এগারোটায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভোর সাতটায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা ও আরব আমিরাত মুখোমুখি হবে।
১২ থেকে ২২ জুন হবে ৮ দলের এই টুর্নামেন্ট। ম্যাচ হবে মোট ১৫টি। মূলত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের টুর্নামেন্ট হলেও দুজন নেওয়া যায় তার চেয়ে বেশি বয়সের। সেই হিসেবে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন লতা ও নাহিদা আক্তার। ইমার্জিং এশিয়া কাপে লতার অধিনায়কত্বে খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন তিনি, ‘আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। মাত্র প্রিমিয়ার লিগ খেলছিলাম, এখনও চলছে। যেহেতু খেলার মধ্যে ছিলাম, ক্যাম্পেও ছিলাম, প্রস্তুতিও ভালো।’
‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে দুই দল খেলবে সেমিফাইনালে। এছাড়া ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক হংকং ছাড়াও নেপাল, পাকিস্তান ও ভারত। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশর জন্য শিরোপা জেতা বেশ কঠিনই।
যদিও লতা মণ্ডলরা ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিলেন, ‘সেরকম কোনও লক্ষ্য নেই। একটাই লক্ষ্য, আমরা ভালো ক্রিকেট খেলবো। তবে ফল কী হবে সেটা এখন বলতে পারছি না। আমি যেহেতু এখন দলের একটা দায়িত্ব পেয়েছি সেহেতু আমার কাজ হলো ভালো কিছু করে দলকে এগিয়ে নিয়ে যাওয়া।’
সোমবার ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১৪ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ১৬ জুন আরব আমিরাতের বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ। ১৯ জুন হবে সেমিফাইনাল, ফাইনাল ২১ জুন।
বাংলাদেশ ‘এ’ দল: লতা মণ্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।









