টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্পটে একই দলের তিন ব্যাটার থাকার নজির সচরাচর দেখা যায় না। অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড তিনধাপ এগিয়ে তিনে চলে আসাতেই এমন বিরল দৃশ্য দেখা গেলো ৩৯ বছর পর।
শীর্ষ তিনে থাকা অজি ব্যাটার হলেন- এক নম্বরে মার্নাস লাবুশেন, দ্বিতীয় স্থানে স্টিভেন স্মিথ এবং তিনে হেড। সর্বশেষ ১৯৮৪ সালে র্যাঙ্কিংয়ে এমনটা দেখা গিয়েছিল। সেবার ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছিলেন। এক নম্বরে ছিলেন গর্ডন গ্রিনিজ, দুইয়ে ক্লাইভ লয়েড ও তিনে ল্যারি গোমস।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেডের ম্যাচ জেতানো ১৬৩ রানের ইনিংসই তার র্যাঙ্কিংয়ের উন্নতিতে অবদান রেখেছে। প্রথম দিন ৭৬ রানে ৩ উইকেট পড়ার পর তার ব্যাটে ভর করেই পরে ৪৬৯ রানের স্কোর দাঁড় করায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্মিথ হেডের সঙ্গে ২৮৫ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে। তাদের ব্যাটে ভর করেই পরে বড় স্কোরবোর্ড পায় অজি দল। পরে অবশ্য ২০৯ রানে হার মেনেছে ভারত।
৪৮ ও ৬৬ রান করা উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি ১১ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৩৬তম স্থানে।
বোলারদের মধ্যে অফস্পিনার নাথান লায়ন ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন। যৌথভাবে জায়গা করে নিয়েছেন ষষ্ঠস্থানে। তার সঙ্গে রয়েছেন ইংলিশ পেসার ওলি রবিনসনও। একাদশে জায়গা না পেয়েও রবিচন্দ্রন অশ্বিন এখনও এক নম্বর টেস্ট বোলার। পরিবর্তন হয়নি অলরাউন্ডারদের শীর্ষ দশজনের র্যাঙ্কিংয়েও। বরাবর শীর্ষে আছেন রবিচন্দ্র জাদেজা। অশ্বিন আছেন দুই নম্বরে।









