কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। সাকিবকে দলে নিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স, লিটনকে নিয়েছে সারে জ্যাগুয়ার্স।
তিন বছর পর ফিরতে যাওয়া লিগটি শুরু হবে ২০ জুলাই। ওন্টারিওতে চলবে ৬ আগস্ট পর্যন্ত। প্রথম দুটি আসর অনুষ্ঠিত হয়েছে ২০১৮ ও ২০১৯ সালে। তার পর বেতন নিয়ে ঝামেলা ও করোনা মহামারি যুক্ত হওয়ায় তিন বছরেও তৃতীয় আসর মাঠে গড়ায়নি।
তৃতীয় আসরে সাকিব ছাড়াও তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, ক্রিস গেইল ও মোহাম্মদ রিজওয়ান।
এই আসরে খেলবে ৬টি দল। প্রতিটি দলে মার্কি খেলোয়াড় থাকবেন দু’জন। তাছাড়া কানাডার জাতীয় দল থেকেও থাকবেন তিনজন করে। পাশাপাশি উদীয়মান কানাডিয়ান খেলোয়াড় থাকবেন ৩জন। ১৮ দিন ধরে ম্যাচ খেলা হবে মোট ২৫টি।
সাকিবের দলে রয়েছেন আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, জহির খান ও আব্বাস আফ্রিদিরা। লিটনের দলে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনডর্ফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দীপ লামিচানে।









