অ্যাশেজেও আক্রমণাত্মক ক্রিকেট দর্শন ধরে রাখলো ইংল্যান্ড। তার সঙ্গে সঙ্গে প্রথম দিনেই স্বাগতিকরা এমন এক নজির তৈরি করলো, যা অ্যাশেজের ইতিহাসে ঘটলো প্রথমবার। আগেভাগে ঘোষণা করেছে প্রথম ইনিংস (৭৮ ওভারে)। এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস সমাপ্ত করেছে ইংল্যান্ড। তার পর যে লক্ষ্যে আগেভাগে ইনিংস ঘোষণা, সেটা বাস্তবায়ন করতে পারেননি বোলাররা। তৈরি করতে পারেনি কোনও চাপও। তাতে ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৪ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তারা এখনও ৩৭৯ রানে পিছিয়ে। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার (৮) ও উসমান খাজা (৪)।
অথচ ৩০তম সেঞ্চুরি পাওয়া রুট যেভাবে ব্যাট করছিলেন, তাতে দ্বিতীয় দিনেও ইনিংস লম্বা করতে পারতেন তিনি। কিন্তু তাকে অপরাজিত রেখেই অপ্রত্যাশিতভাবে প্রথম ইনিংসের সমাপ্তি টেনে দিয়েছেন স্টোকস।
১৭৬ রানে ৫ উইকেট পড়ার পর স্কোরবোর্ড চারশ’র কাছাকাছি নেওয়ার পেছনে বড় অবদান জো রুটেরই। জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি গড়ে ১২১ রান যোগ করেছেন। বেয়ারস্টো ৭৮ রানে আউট হলে ভাঙে অসাধারণ এই জুটি। দুর্দান্ত খেলতে থাকা রুট অপরাজিত ছিলেন ১১৮ রানে। যার ১৫২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার। বেয়ারস্টোর ইনিংসেও ছিল ১২টি চার। তার পর লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মঈন আলী (১৮), স্টুয়ার্ট ব্রড (১৬) ও ওলি রবিনসন (১৭*)। রবিনসন অপরাজিত ছিলেন।
তাদের আগে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের আক্রমণাত্মক সূচনায় অবদান রেখেছেন জ্যাক ক্রলি। এই ওপেনার ৬১ রান করেছেন।
বল হাতে দিনের সেরা পারফর্মার ছিলেন নাথান লায়ন। ১৪৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৬১ রানে দুটি নিয়েছেন জশ হ্যাজলউড। একটি করে নিয়েছেন স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।









