ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতের স্কোয়াডে ডাক পেলেন সাঞ্জু স্যামসন। ইনজুরিতে গত মে থেকে মাঠের বাইরে থাকা লোকেশ রাহুলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
শুক্রবার ১৭ জনের স্কোয়াডে স্যামসনের সঙ্গে আরেক উইকেটকিপার ইশান কিষাণ। এখন পর্যন্ত ১১ ওয়ানডে খেলে ৬৬ গড় ও ১০৪.৭৬ স্ট্রাইক রেটে ৩৩০ রান স্যামসনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন কিষাণ। আর স্যামসন শেষ ওয়ানডে খেলেছেন গত বছর নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
কখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা পেসার মুকেশ কুমারকে রাখা হয়েছে দলে। গত বছর ডিসেম্বরে শেষ ওয়ানডে খেলা বাঁহাতি সিমার জয়দেব উনাদকাটও আছেন দলে। মোহাম্মদ শামি ও যশপ্রীত বুমরার স্থলাভিষিক্ত তারা।
বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করা রুতুরাজ গায়কোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৭ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে দুটি টেস্ট খেলবে দুই দল।
ভারত ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।









