রেহান আহমেদ, মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে নাম লিখলেন। ইনজুরি আক্রান্ত মঈন আলীর বিকল্প হিসেবে দলে তার অন্তর্ভুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত স্পিন লিজেন্ড শেন ওয়ার্নের একটি ভবিষ্যদ্বাণী।
২০১৭ সালে লর্ডসে ১৩ বছর বয়সী রেহানকে নেটে বোলিং করতে দেখেছিলেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি মুগ্ধ হয়ে যান তার বোলিংয়ে। তিনি বলেছিলেন, ‘আমি তোমার দিকে চোখ রাখবো। আমি মনে করি আমরা খুব শিগগিরই তোমাকে নিয়ে ধারাভাষ্য দিতে যাচ্ছি।’
সত্যিই তাই, রেহানকে নিয়ে ধারাভাষ্য হয়তো দেওয়া হবে লর্ডসে। কিন্তু সেখানে থাকবেন না ওয়ার্ন। গত বছর মার্চে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর ৮ মাস পর টেস্টে অভিষেক হয়েছিল রেহানের।
২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তানকে হারানোর পথে ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেলেন রেহান। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নিয়ে টেস্টে ইতিহাস গড়েন তিনি।
আর সামনের সপ্তাহে লর্ডসে একাদশে জায়গা পেলে সর্বকনিষ্ঠ ইংলিশ খেলোয়াড় হিসেবে অ্যাশেজ খেলবেন রেহান।









