বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। প্রোটিয়া যুবারা আসবে আগামী ৩ জুলাই। এই সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের সূচি ঘোষণা করেছে। যদিও স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি।
ঢাকায় পা রেখেই ওই দিনই প্রোটিয়া যুবারা চলে যাবে খুলনাতে। শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম তিনটি ম্যাচ খেলবে দুই দল। ওখান থেকে রাজশাহী চলে যাবে দল দুটি। সেখানে কামারুজ্জামান স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ খেলবে।
সূচি অনুযায়ী প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ জুলাই। খুলনায় শুরু হওয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ৯ ও ১১ জুলাই। ১৪ ও ১৭ জুলাই রাজশাহীতে সিরিজের শেষ দুটি ম্যাচ।
আগামী বছর শ্রীলঙ্কায় হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে যুব দলের ক্রিকেটারদের প্রস্তুত করতে দেশে ও দেশের বাইরে বেশ কিছু ম্যাচ খেলছে বাংলাদেশের যুবারা। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ যুব বিশ্বকাপের ট্রফি জিতেছিল। তবে ২০২২ বিশ্বকাপে খুবই বাজে সময় কাটায়। এবার ভালো করার লক্ষ্যে বিসিবি কোনও কিছুর ঘাটতি রাখছে না। বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আরও একটি সিরিজ খেলার সুযোগ পাবে, সেটি ত্রিদেশীয়। অক্টোবর-নভেম্বরে তিন জাতির সে টুর্নামেন্টটি হোম না অ্যাওয়ে হবে, তা এখনও ঠিক হয়নি।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। তিন দিনের ম্যাচের পর ওয়ানডে সিরিজও খুঁইয়েছে স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের।
বাংলাদেশ দলের স্কোয়াড এখনো ঘোষণা না হলেও প্রোটিয়ারা এক মাস আগেই সফরের দল ঘোষণা করেছে।
দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দল: লিয়াম এল্ডার, ইসা গ্যাংগাট, থেবে গ্যাজিট, বেনি হ্যানসেন, জুয়ান জেমস, ত্রিস্টান লাস, কেওয়ানা মাফাকা, ডেয়ান মারাইস, রোমাশান পিল্লে, সিফো পটসেন, হেলহুয়ান দ্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটেসোয়েন, ডিভিড টিগার, জোনাথন ফন জাইল, ওলিভার হোয়াইটহেড।








