গত বছর ৩০ ডিসেম্বর ঋষভ পান্তের গাড়ি দুর্ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি। এরই মধ্যে গাড়ি দুর্ঘটনার শিকার হলেন ভারতের সাবেক সুইং বোলার প্রবীণ কুমার। মঙ্গলবার রাতে মিরাটে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে তার ল্যান্ড রোভারের সংঘর্ষ হয়। এই সময় গাড়িতে তিনি একাই ছিলেন না। সঙ্গে ছেলে ছিল। তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত অবস্থায় তারা বেঁচে ফিরেছেন।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ছয় টেস্ট, ৬৮ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলা প্রবীণ পিটিআইকে বলেন, ‘অনেক খারাপ কিছু হতে পারতো। ঈশ্বরের কৃপায় আমরা ভালো আছি এবং আপনাদের সঙ্গে কথা বলছি। আমার ভাতিজাকে রেখে আসতে গিয়েছিলাম কিন্তু রাত সাড়ে ৯টার দিকে একটি বিশাল ট্রাক আমার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ঈশ্বরকে ধন্যবাদ যে এটা (তার) ছিল বড় গাড়ি, নয়তো আহত হতে পারতাম। প্রথমে ভেবেছিলাম শুধু বাম্পার ভেঙেছে, কিন্তু পরে দেখি গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে।’
২০১৮ সালের অক্টোবরে অবসর নেওয়া প্রবীণের এই দুর্ঘটনা ফিরিয়ে আনলো গত বছরের ডিসেম্বরে পান্তের ভয়াবহ পরিণতির স্মৃতি। রুকরিতে ওই দুর্ঘটনায় মারাত্মক আহত হন ভারতীয় উইকেটকিপার। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। রাস্তার ডিভাইডারের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়।









