হুট করে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নাটকীয় সিদ্ধান্তের পর বিসিবি সভায় নতুন অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কেন না বিসিবি এখনও আশা করছে অভিমান ভেঙে তামিম ফিরে আসবেন পুরোনো দায়িত্বে। আপাতত আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস।
আজ শুক্রবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার জরুরি বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনও কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন দায়িত্ব পালন করবে। আছে (সহ-অধিনায়ক) লিটন দাস।’
সিরিজের মাঝপথে দলের অধিনায়কের এমন সিদ্ধান্তের প্রভাব বাকিদের ওপর পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘দলের ওপর প্রভাব না পড়ার কোনও কারণ নেই। ইতোমধ্যে পড়ে গেছে। এই সিরিজ কেন, আমাদের সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। আর কয় মাস বাকি? আমরা যেখানে ভাবছিলাম, আশা করছিলাম; বাংলাদেশ এবার বিশ্বকাপে ভালো করবে। এমন একটা সময় এমন একটা সিদ্ধান্ত এটা আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে বলে মনে করি।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ওয়ানডে এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজ বাঁচাতে শনিবার জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের জন্য।









