বাংলাদেশের বিশ্বকাপ স্মৃতি রোমন্থন করলে চোখের সামনে ‘পোর্ট অব স্পেন’ ভেসে না উঠেই পারে না। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে গোটা ক্রিকেট দুনিয়া অবাক বিস্ময়ে অবলোকন করেছিল কিভাবে বাংলাদেশের কয়েকজন তরুণের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রাহুল দ্রাবিড়ের দল।
শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে বিদায় বলতে হয় তাদের। বাংলাদেশ উঠে যায় সুপার এইটে। সেই থেকে বাংলাদেশ-ভারত লড়াই পেয়েছে অন্য মাত্রা। দু’দেশের সমর্থকদের কাছেও এটি দারুণ রোমাঞ্চকর। গত বিশ্বকাপে নানা আলোচনা-সমালোচনা হয়েছে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল নিয়ে। এরপর বাংলাদেশে এসে নাকানি-চুবানি খেয়েছে ভারত। ফের ওয়ানডেতে ভারত-বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে। এবার টি-টোয়েন্ট বিশ্বকাপ। এবারও স্বাগতিক বাংলাদেশ। উপমহাদেশের চার ক্রিকেট পরাশক্তি ও সংযুক্ত আরব আমিরাতসহ পাঁচ দেশের অংশগ্রহণে বুধবার পর্দা উঠছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা এশিয়া কাপ ক্রিকেটের। আজ বুধবার সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপের একেবারে আগ মুহূর্তে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ায় প্রতিটি দলই নিজেদের একবার পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছে। এশিয়া কাপের ট্রফি জিতে চাঙা মনোবল নিয়ে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইবে প্রতিটি দলই।
২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে যেয়েও শেষ পর্যন্ত ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। পাকিস্তানের কাছে মাত্র ২ রানের ব্যবধানে হারের ফলে ঘরের মাঠে ট্রফি স্পর্শ করার স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। টি-টোয়েন্টির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ভারত এক নম্বরে অবস্থান করছে। ভারত কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে শক্তিশালী হলেও এতে ভয় পাচ্ছেন না টাইগার অধিনায়ক। বরং এশিয়া কাপের শুরুতেই ভারতকে পেয়ে বাংলাদেশের জন্য ভালো হয়েছে বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের বিশ্বাস, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে ভালো খেললে পুরো টুর্নামেন্টে ভালো খেলার রসদ পেয়ে যাবেন তারা। এশিয়া কাপে পূর্ণ শক্তির দল নিয়েই খেলতে এসেছে ভারত। যুবরাজ সিং দলে যোগ দেওয়ায় ভারতের ব্যাটিং গভীরতা আরও বেড়ে গেছে। এছাড়া নবাগত হার্দিক পান্ডেও দারুণ ফর্মে রয়েছেন। তবে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। অনুশীলনে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারপরও কাগজে-কলমে পরিসংখ্যান বলছে এ ম্যাচে ভারতই ফেভারিট। অবশ্য মুস্তাফিজ-সাকিব-মাশরাফিরা জ্বলে উঠলে সেটা যে শুধু অতীত হয়েই থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এ ম্যাচে ভারত বাংলাদেশকে ছাপিয়ে 'ভিলেন' হয়ে উঠতে পারে 'তৃতীয়পক্ষ'। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির বাগড়ায় প্রথম দু’দিনের ম্যাচ আয়োজন বিঘ্নিত হতে পারে!
/এমআর/








