টেস্ট সিরিজে আফগান বোলিং আক্রমণ বাংলাদেশি ব্যাটারদের সেভাবে অস্বস্তিতে ফেলতে পারেনি। কিন্তু ওয়ানডে সিরিজে মুজিব উর রহমান, রশিদ খান ও ফজল হক ফারুকিরা কঠিন সময় দিয়েছে স্বাগতিকদের। শুক্রবার শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ফরম্যাটে আফগানিস্তান নিশ্চিতভাবে ভয়ঙ্কর দল। আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন আফগানিস্তানের তিন বোলার। তারপরও নির্দিষ্ট কোনও খেলোয়াড়কে নিয়ে আলাদা পরিকল্পনা নেই বাংলাদেশের। তারা মূলত নিজেদের পরিকল্পনাতেই অটুট থাকতে চাইছে।
বলে রাখা ভালো বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক রশিদ খান বরাবরই সফল। এই লেগস্পিনারের বল ঠিকমতো বুঝতেই পারেন না বাংলাদেশের ব্যাটাররা। এছাড়া সাকিব-তামিমদের বিপক্ষে অফস্পিনার মুজিব উর রহমানও বেশ সফল। সাম্প্রতিক সময়ে আতঙ্কের নাম হয়ে উঠছেন পেসার ফজলহক ফারুকিও। তারপরও সাকিব বিশেষ কাউকে নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘কোনও সুনির্দিষ্ট ব্যক্তি বা কাউকে নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের দলও কোনও একজন ব্যাটসম্যান বা বোলারের ওপর ভরসা করে নেই। আমরা চাই দলীয়ভাবে যেন পারফর্ম করি। আমাদের তাড়না একইরকম রাখার চেষ্টা করবো।’
র্যাঙ্কিংয়ের দুই নম্বরে আফগান দুই বোলার রশিদ খান ও ফারুকির অবস্থান। নয় নম্বরে আছেন মুজিব। বোঝাই যাচ্ছে আফগানিস্তানের বোলিং লাইনআপ কতটা শক্তিশালী। তারপরও প্রতিপক্ষ নিয়ে না ভেবে সাকিব নিজেদের পরিকল্পনায় অটুট থাকার পক্ষেই জোর দিচ্ছেন, ‘আমরা কোনও একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। যে ব্যাটিং বা বোলিং করবে, সে তার জায়গা থেকে কী কী পরিস্থিতির মুখোমুখি হবে সেগুলো নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করবে। এটা আসলে কাউকে বলার বিষয় নয় এবং করারও বিষয় নয়। আমি যেটা বললাম, টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে খেলাটা শুরু করি, সেটা আমার কাছে মনে হয় ম্যাচের ফল বা ভাগ্য নির্ধারণ করতে পারে অনেক বেশি। ব্যাটিং করি বা বোলিং, শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ।’
শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টি শুরু হবে। এই ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাকিবের কথা, ‘আমাদের নির্দেশনা থাকবে কোচ ও আমাদের তরফ থেকে যেন সবাই প্রস্তুত থাকে। এমন একটা পরিস্থিতি এখানে যে কোনও সময় বৃষ্টি হতে পারে। সংক্ষিপ্ত ম্যাচ হতে পারে- ৫ ওভারের ম্যাচ হতে পারে, ১০ ওভারের কিংবা ১৫-১৮ ওভারের ম্যাচও হতে পারে। আমাদের খোলা মন নিয়ে থাকতে হবে। টসের আগ মুহূর্তে জানতে পারবো যে কত ওভারের ম্যাচ হচ্ছে এবং সেভাবে দলকে দাঁড় করানোর চেষ্টা করবো আমরা।’
টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট প্রশ্নে সাকিব কিছু না বললেও নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি, ‘আমাদের দলের লক্ষ্য অবশ্যই যেন দুটি ম্যাচই জিততে পারি। যদিও খুব একটা সহজ হবে না। তবে আমাদের লক্ষ্য এটাই থাকবে।’









