আফগানিস্তানের দ্রুত উত্থান অনেকের কাছেই রূপকথার গল্পের মতো। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইউনিক ফোর্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বেশ কয়েকজন এরই মধ্যে আফগান ক্রিকেটের পোস্টার বয়ের তালিকায় নাম লিখিয়েছেন। আফগান অধিনায়ক রশিদ খানের মতে, তাদের স্পেশাল করে তুলেছে ‘সহজাত প্রতিভা’।
শুক্রবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান ক্রিকেটের সাফল্যের পেছনের রহস্য তুলে ধরেন রশিদ। যাদের ঘরের মাঠে নেই কোনও সুযোগ সুবিধা। আফগানিস্তান নানা সংকটের মধ্যে দিয়ে গেলেও ক্রিকেটারদের উত্থানে সেটি বাধা হচ্ছে না। রশিদ বলেছেন, ‘দেখুন ব্যাপারটা সহজাত প্রতিভার। আফগানিস্তানে এই ব্যাপারটিই আমাদের স্পেশাল করে তুলেছে।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘ছোট বেলায় আসলে ক্রিকেটের শুরুতে বেসিক বিষয়গুলো শিখতে ইচ্ছা করে। তার পর উন্নতি করতে হয় আস্তে আস্তে। সেই ধারাতেই ভালো খেলোয়াড় হওয়া যায়। এক্ষেত্রে কেউ যদি বাচ্চা বয়সেই ক্রিকেটে ভালো হয়, স্কিলও ভালো থাকে; সঙ্গে থাকে সহজাত প্রতিভা। তখন খেলোয়াড় হিসেবে সেরা হওয়া যায়।’
আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট অত উন্নত নয়। নেই সেরকম সুযোগ সুবিধাও। তার পরেও আফগান ক্রিকেটের সাফল্যের কারণ কী? রশিদ খান জানিয়েছেন, ‘দেখুন দেশের আমাদের সেরকম সুযোগ-সুবিধা নেই। ঘরোয়া ক্রিকেটও সেরকম মানের নয়। তবে একটা ভালো ব্যাপার হলো আমাদের সেখানে সহজাত প্রতিভা আছে। আর এটাই আফগানিস্তানকে এই পর্যায়ে নিয়ে এসেছে। যদি ১০-১৫ বছর আগে দেখেন, আমাদের সিনিয়রদের বেলায় কোনও সুযোগ সুবিধা ছিল না। আফগানিস্তানে কোনও ঘাসের মাঠ ছিল না, এমনকি টার্ফ উইকেটও। শুধু সিমেন্টের উইকেটই ভরসা ছিল। তখন তারা অনেক সংগ্রাম করেছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল এই স্কিল ও প্রতিভা দিয়েই আফগানিস্তান ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া।’









