অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে বাংলাদেশের জাতীয় দলে সুযোগ করে নেওয়া স্বর্ণা আক্তার অপেক্ষায় ছিলেন ওয়ানডে অভিষেকের। কিন্তু হুট করে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় এই অলরাউন্ডারকে। তবে শঙ্কা কেটে গেছে, গুরুতর কিছু হয়নি। বিসিবি বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, আগামী দুই ম্যাচে খেলতে পারবেন স্বর্ণা।
ভারতের বিপক্ষে রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অভিষেক ক্যাপ মাথায় পরেন সাতটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা স্বর্ণা। বৃষ্টিবিঘ্নিত দিনে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ব্যাট করার সুযোগ ছিল বাংলাদেশের। তবে ৪৩ ওভারে নবম উইকেট পড়ার পর স্বর্ণা মাঠে নামেননি। তখনই জানা যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি।
ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিয়ে প্যাড পরা ছিলেন, হঠাৎ পেটে ব্যথা হওয়ার কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি স্বর্ণা। তাই মাঠ থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে শঙ্কা কেটে গেছে স্বর্ণার। ইতিমধ্যে রিপোর্ট সব হাতে চলে এসেছে। সবকিছুই ভালো। এ কারণে পরের দুই ম্যাচে স্বর্ণাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে বিসিবি।
নারী ক্রিকেট দলের সমন্বয়ক তৌহিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘স্বর্ণার বড় কোনও সমস্যা নেই। সবকিছুই ঠিক আছে। আগামী দুই ম্যাচের জন্য আমরা স্বর্ণা অ্যাভেইলেবল আছে।’








