ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ‘এ’ দল। গ্রুপে পাকিস্তানি ক্রিকেট দল সুবিধা করতে না পারলেও শিরোপার লড়াইয়ে ব্যাট হাতে দাপট দেখালো। ৩৫৩ রানের টার্গেট দিয়েছে তারা ভারতকে।
কলম্বোতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৫২ রান করেছে পাকিস্তান। দলের পক্ষে সেঞ্চুরি করেছেন তৈয়ব তাহির। ওপেনিংয়ে দারুণ শুরু এনে দেন সাইম আইয়ুব ও শাহিবজাদা ফারহান।
সাইম ও ফারহানের উদ্বোধনী জুটি ছিল শতাধিক রানের। ১৮তম ওভারে ১২১ রান তুলে বিচ্ছিন্ন হয় এই দুজনের জুটি। সাইম ৫১ বলে ৫৯ রানে থামেন। কয়েক ওভার পর ফারহানও প্যাভিলিয়নে ফেরেন। ৬২ বলে ৬৫ রান করে রানআউট তিনি।
ওমর ইউসুফকে (৩৫) সঙ্গে নিয়ে তাহিরের ৩৭ রানের জুটি ভাঙতেই মিডল অর্ডারে বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান। ১৮৩ থেকে ১৮৭- এই চার রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা।
১৮৭ রানে পাঁচ ব্যাটারকে হারানোর পর ষষ্ঠ উইকেটে মুবাসির খানকে নিয়ে ঘুরে দাঁড়ান তাহির। তাদের ১২৬ রানের জুটিতে তিনশ ছাড়ায় স্কোর। ৭১ বলে ১২ চার ও ৪ ছয়ে ১০৮ রান করেন তাহির। তাকে অনুসরণ করে টানা দুই ওভারে আরও দুই ব্যাটার বিদায় নেন। মুবাসির করেন ৩৫ রান।
মোহাম্মদ ওয়াসিম শেষ ২ ওভারে একটি করে ছয়-চার মেরে পাকিস্তানকে সাড়ে তিনশতে নেন।









