লাগাতার বৃষ্টিতে পোর্ট অব স্পেনে শেষ দিনের খেলা মাঠে গড়ায়নি। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত ২-০ তে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হারালো। বঞ্চিত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পূর্ণ পয়েন্ট থেকে। স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ড্র হয় ম্যাচ।
দিনের শুরু থেকে ছিল বৃষ্টি। খেলোয়াড়েরা কুইন্স পার্কে লাঞ্চের পর মাঠে আসে। কিছুক্ষণ বৃষ্টি বন্ধ থাকলেও ফিরে আসে। বিকালের দিকে তুমুল বর্ষণ ম্যাচ শেষ করে দেয়।
তৃতীয় ও চতুর্থ দিনেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। কিন্তু রোহিত শর্মা ও ইশান কিষাণের ঝড়ো হাফ সেঞ্চুরি এবং ৩৬৫ রানের লক্ষ্য দিয়ে চতুর্থ দিন শেষবেলায় রবিচন্দ্রন অশ্বিনের জোড়া আঘাত ভারতকে জয়ের সম্ভাবনা জাগায়।
উইন্ডিজের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ১৫ গড়ে ১৫ উইকেট নিয়ে ও হাফ সেঞ্চুরি করে সিরিজের সেরা অশ্বিন।
ভারত ডোমিনিকায় তিন দিনের ভেতরে প্রথম টেস্ট জেতায় ১-০ তে সিরিজ নিশ্চিত করেছে। তাদের পরের টেস্ট এ বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর ওয়েস্ট ইন্ডিজ খেলবে আগামী বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে।









