শেষ ওভারে জয়ের জন্য জোহানেসবার্গ বাফেলোসের দরকার ছিল ২১ রান। তখন ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও রবি বোপারা। প্রথম বলে সিঙ্গেল নেন বোপারা। দ্বিতীয় বলে স্ট্রাইক পাওয়া মুশফিক টানা চারটি চার মেরে জয়ের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তাতে ১ বলে দরকার পড়ে ১ রানের। কিন্তু শেষ বলে ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তাতে জিম আফ্রো টি-টেন লিগে ডারবান কালান্দার্সের বিপক্ষে ২ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে জোহানেসবার্গ।
টস হেরে ব্যাট করা ডারবান শুরুতে ৩ উইকেটে ১২১ রান করেছে। ৪৬ রানে সর্বোচ্চ স্কোরার ছিলেন টিম সেইফার্ট। ১৪ বলে ৩০ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ১০ বলে ৩১ রান আসে আসিফ আলীর ব্যাট থেকেও। ২২ রানে দুটি উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা।
জবাবে ৫ উইকেটে ১১৯ রানে থেমেছে মুশফিকদের ইনিংস। জুটিবদ্ধ হয়ে জয়ের জন্য চেষ্টা করেছেন অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও ইউসুফ পাঠান। ১৩ বলে ৩০ রান করেন হাফিজ। ১৫ বলে ৩২ রান আসে ইউসুফের ব্যাট থেকে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তারা। শেষ দিকে সর্বোচ্চ চেষ্টা চালানো মুশফিক এদিন সাত নম্বরে খেলতে নামেন। আগের ম্যাচে যদিও একাদশে জায়গা হয়নি তার। এদিন ফিরে ৬ বলে ৪ চারে ১৮ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ৬ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন রবি বোপারাও।
ডারবানের হয়ে ২৩ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ আমির।









