বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড। এ রাউন্ডের প্রথম দিনে বলার মতো তেমন কোনও পারফরম্যান্স নেই। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। একটি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অপরটি স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে।
মূল স্টেডিয়ামে খেলছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল খেলছে একাডেমি মাঠে। দুই ম্যাচের কোনওটিতেই বুধবার পুরো দিন খেলা সম্ভব হয়নি। শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।
মূল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ৭৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা তুলে ২৬২ রান। সর্বোচ্চ ৭৮ রান করেন তুষার ইমরান। এ ছাড়া ৬৫ রান আসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজে জাতীয় দলের অভিষেক হওয়া মোসাদ্দেকের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনও ব্যাটসম্যান তেমন কিছু করতে পারেননি।
জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ওপেনার এনামুল হক বিজয় ২৬ বলে মাত্র ১১ রান করে আবু জায়েদ রাহির বলে বোল্ড হয়ে ফিরেন। বোলারদের মধ্যে এই ম্যাচে সফল ছিলেন রাহি। তিনি ৬২ রান দিয়ে চারটি উইকেট নেন। ৩.৭২ ইকোনমি রেটে দারুণ বোলিং করেন তিনি। এ ছাড়া তিনটি উইকেট নেন ইফতেখার সাজ্জাদ।
অপর ম্যাচে টস জিতে ব্যাটিং করে মধ্যাঞ্চল। তারা ৭৩ ওভারে আট উইকেট হারিয়ে ২৪৩ রান করে তারা। সর্বোচ্চ ৪৬ রানের দুটি ইনিংস খেলেন শরিফুল্লাহ ও মোহাম্মদ শরিফ। শরিফুল্লাহ আউট হয়ে গেলেও মোহাম্মদ শরিফ অপরাজিত আছেন। দুই শরিফ ছাড়াও বড় রানের ইঙ্গিত ছিলো আরও তিন ব্যাটসম্যানের। কিন্তু শামসুর রহমান (৩৪), শুভাগত হোম (৩৪) ও তানভির হায়দার (৩৩) সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
বিসিবি উত্তরাঞ্চলের হয়ে তিনটি উইকেট নেন আরিফুল হক। দুটি উইকেট পান সানজামুল ইসলাম।
উল্লেখ্য, বিসিএলের প্রথম দুই রাউন্ডের চার ম্যাচের তিনটি ম্যাচই ড্র হয়েছে। একমাত্র জয় পেয়েছে বিসিবি উত্তরাঞ্চল। তারা প্রথম রাউন্ডে ৭৪ রানে হারিয়েছিলো প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে। অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই তৃতীয় রাউন্ড শুরু করেছে উত্তরাঞ্চল।
/আরআই/এমআর/








