প্রথম জিম আফ্রো টি-টেন লিগে সবার আগে ফাইনালে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোস। শুক্রবার প্রথম কোয়ালিফায়ারে তারা ৬ উইকেটে হারিয়েছে ডারবান কালান্দার্সকে।
১০ ওভারে ১৪০ রানের বিশাল সংগ্রহ করেছিল ডারবান। আন্দ্রে ফ্লেচার ১৪ বলে ৪ চার এবং ৩ ছয়ে ৩৯ রান করেন। আসিফ আলী ১২ বলে ৫ চার এবং এক ছয়ে ৩২; নিক ওয়েলচ ৯ বলে ৩ চার এবং এক ছয়ে ২৪ রানে অপরাজিত ছিলেন। ৪ উইকেট হারায় দলটি।
বড় লক্ষ্যে নেমে ৫.১ ওভারে ৪ উইকেটে ৫৭ রান করে জোবার্গ। ক্রিজে নামেন মুশফিক। অন্য প্রান্তে ছিলেন ইউসুফ। এই ভারতীয় ব্যাটার ঝড় তোলেন। ২৬ বলে ৪ চার ও ৯ ছয়ে ৮০ রানে অপরাজিত ছিলেন।
শেষ ওভারে লাগতো ২০ রান। মুশফিক লেগ বাই থেকে একটি রান নিয়ে ইউসুফকে সুযোগ দেন। তিনি ঝড় তোলেন। পরের চার বলে দুটি করে চার ও ছয় মারেন। এক বল বাকি থাকতে জিতে যায় জোবার্গ। মুশফিক ১০ বলে দুটি চারে ১৪ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম উইকেটে ইউসুফের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন মুশফিক। এই জয়ে ২৯ জুলাইয়ের ফাইনাল নিশ্চিত করেন তারা।









