দিনের শেষ এক ঘণ্টায় ৪৭ রানে ৫ উইকেট হারালো ইংল্যান্ড। তারপরও তাদের ক্যাম্পে স্বস্তির বাতাস বইছে। ওই বিপর্যয়ের আগে ছিল স্বাগতিক ব্যাটারদের দাপট। তাতে প্রায় চারশ রানের লিড ইংলিশদের। ওভাল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়াকে ৩৭৭ রানে পেছনে ফেলেছে তারা।
অস্ট্রেলিয়ার চেয়ে ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও বেন ডাকেট দারুণ শুরু এনে দেন। আর পেছনে ফিরতে হয়নি। টপ অর্ডারের সাত ব্যাটারের মধ্যে কেবল হ্যারি ব্রুক (৭) ছাড়া সবাই ভালো রান করেছেন।
জো রুট নব্বইয়ের ঘরে পৌঁছান। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি হয়নি। মূলত জনি বেয়ারস্টোর সঙ্গে তার জুটিতে শক্ত অবস্থানে পৌঁছায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে ১১০ রান যোগ করে এই জুটি।
রুট ১০৬ বলে ১১ চার ও ১ ছয়ে ৯১ রান করেন। দ্বিতীয় সেরা ৭৮ রান আসে বেয়ারস্টোর ব্যাটে। ওপেনার ক্রলি করেন ৭১ রান। এছাড়া ডাকেট (৪২), বেন স্টোকস (৪২) ও মঈন আলী (২৯) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মিচেল স্টার্ক ও টড মার্ফি ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে খরুচে বোলার, তবে দুজনে মিলেই নিয়েছেন ৭ উইকেট। ইংল্যান্ড এক উইকেট বাঁচিয়ে দিন শেষ করেছে। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ৮ ও ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য চারশ হওয়ার পথে। ৯ উইকেটে ৩৮৯ রান ইংল্যান্ডের।









