আবার প্রধান কোচ হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরলেন ড্যানিয়েল ভেট্টরি। সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব পেলেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ ছিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ার পুরুষ দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।
এনিয়ে ছয় মৌসুমে চতুর্থবার কোচ পাল্টালো হায়দরাবাদ। টম মুডি, ট্রেভর বেলিস ও ব্রায়ান লারার পর এবার দায়িত্ব নিলেন ভেট্টরি। গত আইপিএলের আগে মুডির স্থলাভিষিক্ত হন লারা, কিন্তু চার জয় ও ১০ হারে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা শেষ করে দশম স্থানে থেকে।
ঠিক এই মুহূর্তে দ্য হান্ড্রেডের পুরুষ দল বার্মিংহ্যাম ফিনিক্সের প্রধান কোচ ভেট্টরি। ২০২২ সালের মে মাস থেকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্বেও আছেন। এর আগে সিপিএলে বার্বাডোজ রয়্যালস, বিবিএলে ব্রিসবেন হিট ও ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের প্রধান কোচ ছিলেন। মাঝে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হন।
আইপিএলে এর আগে প্রধান কোচের দায়িত্বে থেকে ২০১৫ সালে বেঙ্গালুরুকে প্লে অফে তোলেন এবং ২০১৬ সালের ফাইনালেও খেলে, কিন্তু হায়দরাবাদের কাছে হেরে যায়।
২০২৪ আইপিএলের আগে এনিয়ে তৃতীয় হাইপ্রোফাইল কোচিং নিয়োগ দেওয়া হলো। লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার ও বেঙ্গালুরুতে অ্যান্ডি ফ্লাওয়ার একই ভূমিকায় নাম লিখেছেন।









