ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেন ট্রেন্ট বোল্ট। গত বছর নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে তার ডাক পাওয়ার ভালো ইঙ্গিত পাওয়া গেলো। ইংল্যান্ডে চার ম্যাচের সিরিজের দলে তাকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।
ভারত বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের এটাই শেষ ওয়ানডে সিরিজ। বোল্ট তার সামর্থ্যের প্রমাণ দিলে নিশ্চিতভাবে ভারতের বিমানে উঠবেন। নিউ জিল্যান্ড দলের জন্য আরেকটি সুখবর, পিঠের ইনজুরি কাটিয়ে এই দলে ফিরেছেন পেসার কাইল জেমিসনও।
দুজনেই গত বছর শেষ ওয়ানডে খেলেন। জেমিসন এপ্রিলে আর বোল্ট সেপ্টেম্বরে। এই বছর ফেব্রুয়ারির পর থেকে মাঠে নেই জেমিসন। আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে মাঠে ফিরবেন তিনি।
৮ থেকে ১৫ সেপ্টেম্বর হতে যাওয়া এই সিরিজে কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। অবশ্য উইলিয়ামসন দলের সঙ্গে ইংল্যান্ডে থাকবেন এবং ট্রেনিংয়ের পাশাপাশি পুনর্বাসন চালিয়ে যাবেন।
ওয়ানডে সিরিজ থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন মার্ক চ্যাপম্যান ও জেমস নিশাম। প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় দুজনই। টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবেন ইশ সোধি। ব্যস্ত মৌসুমের আগে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। বিশ্রাম নেবেন ওয়ানডে থেকে।
নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।









