এশিয়া কাপে খেলতে বুধবার রাতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। অন্য টিমগুলোর সঙ্গে তারাও উঠেছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। বৃহস্পতিবার অনুশীলন না করলেও শুক্রবার দলটি অনুশীলন করবে। তবে ফতুল্লায় নাকি মিরপুরে অনুশীলন করবে এটা এখনও নিশ্চিত নয়!
শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। দুই দলের এই লড়াইয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক এগিয়ে রাখলেন নিজের দেশকেই!
এ প্রসঙ্গে বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুই দলের লড়াই সব সময়ই উপভোগ্য হয়ে উঠে। পাকিস্তানি হিসেবে আমিও বলবো পাকিস্তান এ ম্যাচে ফেভারিট। তবুও সাম্প্রতিক সময়ে যদি ভারতের পারফরম্যান্স দেখা হয়, তাহলে বলতে হবে তারা খুব ভালো ক্রিকেট খেলছে! আমরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছি। আমরা মাত্রই পিএসএল খেলে এসেছি। ওখানে নিজেরা অংশগ্রহণ করেছি। আমি মনে করি দুই দলের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে।’
তিনি আরও যোগ করেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ। দুই দেশের মানুষ এই ম্যচাটি দারুণ ভাবে উপভোগ করে। সবাই চায় তাদের দলটি যেন জিতে। ক্রিকেটাররাও এ ম্যাচটি জিততে মুখিয়ে থাকে, আপ্রাণ চেষ্টা করে। এই ম্যাচটিতে যেরকম তৃপ্তি পাওয়া যায় সেটা দুই দলের ক্রিকেটাররাই উপভোগ করে।’
মিরপুরের উইকেটে বেশ ঘাস থাকছে। কেমন কম্বিনেশন আশা করছেন এমন প্রশ্ন শোয়েব মালিক বলেন, ‘ওটা অধিনায়ক বলতে পারবে। তবে এতটুকু বলতে পারি যেদিন ম্যাচ হবে, সেদিনের পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।’
/আরআই/এফআইআর/








