আগামী জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় মৌসুমে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলবেন শাহীন শাহ আফ্রিদি। প্রথম পাকিস্তান খেলোয়াড় হিসেবে এই লিগে খেলতে যাচ্ছেন তিনি। গতবারের রানার্সআপদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন এই পেসার।
আফ্রিদি এক বিবৃতিতে বলেন, ‘ডেজার্ট ভাইপার্সে যোগ দিতে পেরে আমি উত্তেজিত। আমি জানি সংযুক্ত আরব আমিরাতে অনেক পাকিস্তান ক্রিকেট ভক্ত আছে এবং আশা করি আসন্ন আইএল টি-টোয়েন্টিতে তারা আমাদের দলকে সমর্থন দেবে।’
আগামী ১৩ জানুয়ারি শুরু হওয়ার কথা দ্বিতীয় আসর। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন বছরের টেস্ট খেলে আফ্রিদি দলের সঙ্গে যোগ দেবেন।
গত বছর ভাইপার্স আজম খানের সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু পিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় প্রথম পাকিস্তান খেলোয়াড় হিসেবে লিগে খেলতে পারেননি তিনি।
তবে বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফের অধীনে পিসিবি তাদের খেলোয়াড়দের বিভিন্ন লিগে অংশগ্রহণের ব্যাপারে শিথিল অবস্থানে।
ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, টম কারান ও শেল্ডন কট্রেলের সঙ্গে বোলিং আক্রমণে যোগ দেবেন আফ্রিদি।









