অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। তাদের জন্য স্বস্তির খবরটি হলো চোট কাটিয়ে ১৭ সদস্যের দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার।
প্রধান নির্বাচক অজিত আগারকারের নির্বাচিত দলটিতে জায়গা হয়েছে আনক্যাপড বামহাতি তিলক বর্মার। আয়ারল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন করা জসপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণও দলে রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা মোহাম্মদ সামি ফেরায় পূর্ণতা পেয়েছে ভারতের পেস আক্রমণ। তাতে রয়েছেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে। রিস্ট স্পিনার হিসেবে প্রাধান্য পেয়েছেন কুলদীপ যাদব। তাদের সঙ্গে দুই ফিঙ্গার স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলও রয়েছেন।
শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। সেদিন মুলতানে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে ভারতের প্রথম ম্যাচও পাকিস্তানের বিপক্ষে। ২ সেপ্টেম্বর ম্যাচটা হবে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।









