দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। উদ্বোধনের পর আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অধিনায়ক।
দুবাইয়ে সাকিবের উপস্থিতির কথা জেনে বহু বাংলাদেশি প্রবাসী জড়ো হন। সেখানেই সাকিব প্রবাসীদের উদ্দেশে বড় দুই আসরের জন্য দোয়া চেয়েছেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব দেশ ছেড়েছিলেন গত মাসে। এরপর ওখান থেকে খেলতে যান লঙ্কা প্রিমিয়ার লিগ। সাকিবের দল গল টাইটান্স ফাইনালে উঠতে পারেনি। শ্রীলঙ্কা থেকে ব্যবসায়িক কাজে দুবাই চলে আসেন। গত মার্চেও দুবাইতে আরেকটি সোনার দোকান উদ্বোধন করেছিলেন তিনি। সেবার বিতর্কিত ব্যবসায়ী আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করে সমালোচিত হন। এবার সাকিব উদ্বোধন করলেন এনআরআই জুয়েলার্স নামক প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক তারকা মোহাম্মদ আশরাফুল।









