সামনেই বিশ্বকাপ। তার আগে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিশাল জয়ে অবদান রেখে র্যাঙ্কিংয়ে তার স্বীকৃতি পেয়েছেন ইমাম উল হক ও হারিস রউফ। পাকিস্তানের ১৪২ রানের জয়ে ব্যাট হাতে অবদান ছিল ইমাম উল হকের। বল হাতে তার পর ঝলক দেখান পেসার হারিস রউফ।
ব্যাটারদের ব্যর্থতার দিনে মূল প্রতিরোধটা গড়েছিলেন ইমাম। ৬১ রানের ইনিংস খেলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান তৃতীয়। এদিকে একই ম্যাচে ডাক মেরেও অধিনায়ক বাবর আজম শীর্ষস্থান ধরে রেখেছেন। রেটিংয়েও এগিয়ে আছেন অনেক। ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাবরের পর ৭৭৭ রেটিং নিয়ে দুই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন। তার সঙ্গে রেটিং পয়েন্টে ব্যবধান কমিয়ে আনছেন ইমাম। পাকিস্তানি ব্যাটারের রেটিং ৭৫২।
উন্নতি হয়েছে ভারতীয় ব্যাটার শুবমান গিলেরও। ৭৪৩ রেটিং নিয়ে চারে উঠেছেন তিনি। মোহাম্মদ রিজওয়ানও এগিয়েছেন তিনধাপ। তার বর্তমান অবস্থান ৫৮তম।
পাকিস্তানকে প্রথমবারের মতো ওয়ানডেতে অলআউট করতে বল হাতে অবদান ছিল আফগান অফস্পিনার মুজিব উর রহমানের। তিন উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান তৃতীয়। রেটিং ৬৮০। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন। দুইয়ে আছেন আরেক অজি তারকা মিচেল স্টার্ক। তার রেটিং ৬৮৬। আরেক আফগান স্পিনার মোহাম্মদ নবীও দুই উইকেট নিয়ে এগিয়েছেন একধাপ। তার অবস্থান ১১তম।
৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া রউফ ক্যারিয়ার সেরা অবস্থানে রয়েছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে রয়েছেন তিনি।









