আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তাতে সফল না হওয়ায় এবার শ্রীলঙ্কান `দেয়াল’ কুমার সাঙ্গাকারাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চাইছে তারা।
দুবাইতে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটি দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস। তাই বাংলাদেশে চলমান এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খণ্ডকালের জন্য রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল পিসিবি। বিষয়টি নিয়ে রিচার্ডসের সঙ্গে আলোচনাও করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু তার সঙ্গে আলোচনা সফল না হওয়ায় এবার সাঙ্গাকারার ওপড় নজর দিয়েছে পিসিবি।
এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘পাকিস্তান দলের কোচ হতে ভিভ অনেক বেশি পারিশ্রমিক চেয়েছেন। যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই আমরা এখন সাঙ্গাকারার কথা ভাবছি। আশা করছি পাকিস্তান দলের জন্য এ পদক্ষেপ সফল হবে।’
/এফআইআর/








