এশিয়া কাপের উদ্বোধনীতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে দেখা গেছে সবুজ ঘাসের চাদর। মিরপুর স্টেডিয়ামের জন্মলগ্নে কয়েকটি ম্যাচ এমন উইকেট দেখা গেলেও দীর্ঘকাল এমন সবুজ উইকেটে খেলা হয়নি। সবচেয়ে বড় কথা উপমহাদেশের কন্ডিশনে এমন উইকেট সত্যিই বিস্ময়ের। সেই বিস্ময়ই ছুঁয়ে গেছে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মাকে।
শুক্রবার ফতুল্লা খান সাহেক ওসমান আলী স্টেয়ডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরা এই ব্যাটসম্যান। তিনি বলেন, 'মিরপুরের উইকেট টি-টোয়েন্টি খেলার জন্য কঠিনই ছিলো। বিশ্বের এই অঞ্চলে ওই রকম (সবুজ) উইকেট দেখাটা সত্যিই বিস্ময়কর। তবে আমরা যে কোনও ধরনের উইকেটে খেলার জন্যই প্রস্তুত।'
প্রথম ম্যাচে দ্রুত ভারতের দুই উইকেট পড়ে গেলে দায়িত্ব পড়ে রোহিতের উপর। রোহিত সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন। ২১ রানে জীবন পেয়ে ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রোহিত। তার ওই ইনিংসের কারণেই রানের পাহাড়ে পড়তে সমর্থ হয় ভারত।
নিজের প্রসঙ্গে রোহিত বলেন, ‘ প্রথম ম্যাচে দ্রুত উইকেট পতনের পর আমার দায়িত্ব ছিলো কিছু করার। সেটা করতে পেরে আমি খুশি। আমাদের টিম মিটিংয়েও এমন কথা হয়েছে যে, টপ অর্ডারের কোনও একজন ব্যাটসম্যান যতোটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করবে। চেষ্টা থাকবে পরের ম্যাচগুলোতেও এমন ধারাবাহিকতা বজায় রাখার।’
মিরপুরের উইকেটে টপ অর্ডারের জন্য কতটা চ্যালেঞ্জ এমন প্রশ্নে রোহিত বলেন, ‘এটা নিয়ে চিন্তার কিছু নেই। উইকেট কঠিন হলেও আমরা বড় স্কোর করেছি। বাংলাদেশের বিপক্ষে মিডল অর্ডার ভালো খেলেছে। হার্দিক পান্ডেও দারুণ করেছে। একজন ব্যাটসম্যান হিসেবে আপনাকে মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে।’
/আরআই/এমআর/







