এবারের এশিয়া কাপে ব্যতিক্রমী কৌশল অনুসরণ করেছে পাকিস্তান। ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেই প্রতিটি ম্যাচ খেলছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে টুর্নামেন্টের সুপার ফোর পর্ব। সেই ম্যাচকে কেন্দ্র করেও একাদশ ঘোষণা করেছে অন্যতম আয়োজকরা। তাতে একটি পরিবর্তন এনে স্বাগতিকরা খেলতে নামছে। ম্যাচ শুরু হবে বুধবার বিকাল সাড়ে ৩টায়।
একাদশে স্থান হয়েছে বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের। বাদ পড়েছেন মোহাম্মদ নওয়াজ। ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যয়বহুল থাকায় বাদ পড়েছেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওপেনিং করবেন ফখর জামান ও ইমাম উল হক। তার পর নামবেন বাবর। চারে উইকেটকিপার ব্যাটার রিজওয়ানই থাকছেন। তার পর পাঁচ নম্বর ও ছয় নম্বরে নামবেন সালমান আগা ও ইফতিখার আহমেদ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।








