নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপ মাঠে গড়িয়েছে। পাকিস্তানে স্বাভাবিকভাবে খেলা চালানো গেলেও বৃষ্টির কারণে শ্রীলঙ্কাতে বিভিন্ন সময় বাধা তৈরি হয়েছে। সুপার লিগে চারটি দল খেললেও বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে সবার জন্য একই নিয়ম রাখেনি আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শুধুমাত্র ভারত ও পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে এসিসি।
কলম্বোতে ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ফলশূন্য ছিল। কোটি কোটি দর্শকের উত্তেজনা ছাপিয়ে জয় হয় বৃষ্টির। এই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য ভেন্যু স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত বাকি দুটি দলকে বঞ্চিত করে কেবলমাত্র ভারত ও পাকিস্তানের ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে।
বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আগে কখনও কোনও টুর্নামেন্টে (এক টুর্নামেন্টে দুই নীতি) এরকম কিছু দেখিনি। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন হওয়া আমার জন্য নতুন বিষয়।’
আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। শুক্রবার সকালে এক বিবৃতি দিয়ে এসিসি জানায়, এশিয়া কাপে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে থাকছে রিজার্ড ডে। বিরূপ আবহাওয়া কিংবা কোনও কারণে নির্ধারিত দিনে খেলা না হলে ম্যাচ গড়াবে ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডেতে।
সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এলো রিজার্ভ ডের প্রসঙ্গ। দুইবার এড়িয়ে গেলেও তৃতীয় প্রশ্নে লঙ্কান এই কোচ বলেছেন, ‘যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে এটা নিয়ে আমি মন্তব্য করবো না। এটি আমার জন্য প্রথম অভিজ্ঞতা।’
আগামী রবিবার পাকিস্তান ও ভারতের ম্যাচে বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ওই দিনেই দৈর্ঘ্য কমিয়ে হলেও ম্যাচ শেষ করার পরিকল্পনা। সেটা সম্ভব না হলে রিজার্ভ ডেতে নির্ধারিত দিনের সবশেষ বল থেকেই শুরু হবে খেলা।
ভারতের দুটি গ্রুপ ম্যাচেই ছিল বৃষ্টির দাপট। প্রথম ম্যাচে তাদের ব্যাটিং ইনিংস শেষ হলেও পাকিস্তান বোলিংয়ে নামতে পারেনি। নেপাল ম্যাচেও বৃষ্টিতে ভারতকে রান তাড়ার জন্য বেধে দেওয়া হয় ২৩ ওভার। ম্যাচটি জিতে সুপার ফোর নিশ্চিত করেন রোহিত শর্মারা।
এরপরই পাকিস্তান এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে সুপার ফোরের ম্যাচটি কলম্বো থেকে হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে। কিন্তু স্টেকহোল্ডারদের কথা ভেবে কলম্বোতেই ম্যাচ আয়োজনের কথা জানায় এসিসি।







