গত বিশ্বকাপ সাফল্যের কথা ভেবে বেন স্টোকসকে অবসর ভেঙে আবারও ওয়ানডে দলে ফিরিয়েছে ইংল্যান্ড। কিন্তু বাস্তবতা সব সময় যে নিজেদের চাওয়া মতো হয় না! তার প্রমাণ বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজেই পেয়ে গেছে ইংলিশরা। ৪ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে ২৯১ রানের বড় লক্ষ্য দিয়েও নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে স্বাগতিক দল।
কার্ডিফে টস হেরে শুরুতে ব্যাট করেছে ইংলিশ দল। চারটি হাফসেঞ্চুরি দলের স্কোর তিনশর কাছাকাছি নিতে অবদান রেখেছে। শুরুতে ডেভিড মালানের ৫৪। তার পর ওয়ানডে ফরম্যাটে প্রত্যাবর্তন করা স্টোকসের ৫২, অধিনায়ক বাটলারের ৭২। আর লিয়াম লিভিংস্টোন আগ্রাসী ভঙ্গিতে খেলে ৪০ বলে ৫২ রানের দারুণ ইনিংস উপহার দিয়েছেন। তাতে ৬ উইকেটে ২৯১ রান তুললেও কিউইদের কাছে সেটাই হয়ে যায় মামুলি।
কিউইদের হয়ে ৪৮ রানে তিনটি উইকেট নেন রাচিন রবীন্দ্র। ৭১ রানে দুটি নেন টিম সাউদি। একটি নিয়েছেন লকি ফার্গুসন।
জবাবে পাওয়ার প্লেতে নিজেদের এগিয়ে রাখে কিউই দল। ওপেনিং জুটিতে তুলে ৬১। ওপেনার উইল ইয়াং (২৯) আউট হলে আরেক ওপেনার ডেভর কনওয়ে সেঞ্চুরিতে পথ দেখিয়েছেন। মাঝে হেনরি নিকোলস ২৬ রানে আউট হলে ডেভন কনওয়ে-ড্যারিল মিচেল জুটিই মূলত ইংলিশদের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়েছে। এই দুজনের বিস্ফোরক জুটিতে ৪৫.৪ ওভারেই ম্যাচ জিতেছে নিউ জিল্যান্ড। তৃতীয় উইকেটে ১৮০ রান যোগ করেছেন তারা। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন মিচেল। সেঞ্চুরি পেয়েছেন তিনি। ৯১ বলে ৭ চার ও ৭ ছক্কায় ১১৮ রানে অপরাজিত ছিলেন। কনওয়ে অবশ্য ১২১ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ১১১ রানে অপরাজিত থেকেছেন। ম্যাচসেরাও তিনি। মিচেল ৪৯ রানে জীবনও পেয়েছেন! তার ক্যাচ ছেড়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ডেভিড উইলি ও আদিল রশিদ।









