ভারতের ব্যাটারদের কাছে নিষ্ক্রিয় ছিল পাকিস্তানের ধারালো পেস বিভাগ। আর পাকিস্তানি ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করলেন কুলদীপ যাদব। তার ঘূর্ণিতে সাড়ে তিনশর বেশি রান তাড়া করতে নেমে হাপিত্যেশ করলেন বাবর আজমরা। তাদের ১২৮ রানে গুটিয়ে দিয়ে দলটির বিপক্ষে রেকর্ড রানে জিতলো ভারত। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জয়ে ভূমিকা রাখা কুলদীপ বললেন, অবসরের পরও এই পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে।
বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ ৫ উইকেট নেন মাত্র ২৫ রান দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে অবিস্মরণীয়। ম্যাচ শেষে সেই কথাই বললেন তিনি, ‘আমার খুব আনন্দ লাগছে। ভালো দলের বিপক্ষে পাঁচ উইকেট নিতে পারা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। যখন আমি আর ক্রিকেট খেলবো না, অবসর নেবো, পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কথা সবসময় মনে করবো।’
তিনি আরও যোগ করেন, ‘উপমহাদেশে যে দল স্পিন ভালো খেলে তাদের বিপক্ষে দারুণ খেলা সবসময় আপনাকে উজ্জীবিত করবে।’ ক্যারিয়ার হুমকির মুখে ফেলা হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন কুলদীপ। তারপর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের জার্সিতে খেলছেন। ২০১৭ সালে অভিষেক হওয়ার পর থেকে ৮৭ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৪৬ উইকেট।









