নাসিম শাহের কাঁধের চোট যতটা ধারণা করা হয়েছিল তার চেয়েও খারাপ। দুবাইয়ে করানো স্ক্যান রিপোর্টে যে ফল পাওয়া গেছে, তাতে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তানের পেসার।
ভারতের বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ডান কাঁধে চোট পান নাসিম। শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেওয়ার ম্যাচে তার অনুপস্থিতি টের পায় পাকিস্তান।
আরেকবার স্ক্যান করানোর পর তার রিপোর্টের অপেক্ষায় পিসিবি। তবে প্রথম রিপোর্ট বলছে, এই বছর আর খেলতে পারবেন না নাসিম। দ্বিতীয় রিপোর্টও একই রকম এলে বিশ্বকাপ তো বটেই, অস্ট্রেলিয়া সিরিজেও খেলা হবে না। পাকিস্তান সুপার লিগেও অংশ নিতে পারবেন না এই পেসার।
নাসিম বিশ্বকাপ থেকে ছিটকে গেলে পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা হবে। লাল বলের ক্রিকেট থেকে সাদা বলের ক্রিকেটেও দলের অন্যতম ভরসা তিনি। এশিয়া কাপে তার স্থলাভিষিক্ত হন জামান খান।









