বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা বড় ধাক্কা খেলো। দুই ফাস্ট বোলার আনরিখ নর্কিয়ে ও সিসান্দা মাগালা দলের সঙ্গে ভারতে যেতে পারছেন না। তাদের বিশ্বকাপ শেষ। ১৫ জনের স্কোয়াডে নর্কিয়ে-মাগালার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো ও লিজাড উইলিয়ামস।
চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পিঠে অস্বস্তিবোধ করেন। ধারণা করা হচ্ছে, স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন তিনি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল তৃতীয় ওয়ানডে খেলা মাগালা বাঁ হাঁটুতে চোট পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘আনরিখ ও সিসান্দার ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে না পারা অনেক হতাশাজনক। তাদের বাদ পড়ায় আমরা সমব্যথিত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাদের ফেরার জন্য আমরা সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করবো।’
নর্কিয়েকে হারানো দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা। আইপিএল খেলার সুবাদে ভারতে বোলিংয়ের ভালো অভিজ্ঞতা আছে তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও পঞ্চম ওয়ানডেতে খেলেছেন ফেলুকোয়ায়ো। প্রথম ম্যাচে সেভাবে ছাপ রাখতে পারেননি। সিরিজের শেষ ম্যাচে ১৯ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং ৪৪ রান খরচায় এক উইকেট নেন। পাঁচ ম্যাচের তিনটি খেলে উইলিয়ামস ৪ উইকেট নেন ৮৫ রান দিয়ে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও লিজাড উইলিয়ামস।









