ওয়ানডেতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স তাদের র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে। মাত্র দুটি রেটিং পয়েন্টের জন্য পেছনে পড়ে গেছে পাকিস্তান। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ হলেও সেগুলো অফিসিয়াল ওয়ানডে বিবেচিত হবে না, তাই র্যাঙ্কিংয়ে কোনও প্রভাব পড়বে না।
মানে এক নম্বরে থেকে বিশ্বকাপে খেলতে যাচ্ছে ভারত, আর দুইয়ে থেকে পাকিস্তান। আর দলগত র্যাঙ্কিংয়ে এই অবস্থান ঐতিহাসিকভাবে তাদের পক্ষে দারুণ কিছুর আভাস দিচ্ছে।
১৯৯৯ সাল থেকে প্রতিবার বিশ্বকাপ জিতেছে তারাই, যারা ইভেন্ট শুরু করেছে শীর্ষ দুইয়ে থেকে।
ইংল্যান্ডে ১৯৯৯ সালে দুই নম্বর র্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়া দ্বিতীয় শিরোপা জিতেছিল। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ও ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল শীর্ষ র্যাঙ্কিংয়ে থেকে।
ভারত দুই নম্বর র্যাঙ্কিংয়ে থেকে ২০১১ সালের আসর শুরু করেছিল এবং জিতেছিল দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও ২০১৯ সালে ইংল্যান্ড এক নম্বরে থেকে বিশ্বকাপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে কি এবার ভারত কিংবা পাকিস্তানের কারও মাথায় উঠছে শ্রেষ্ঠত্বের মুকুট?









