হাঁটুর ইনজুরি থেকে এখন অনেকটাই সুস্থ নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলেছেন তিনি। তবুও ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে কিউইরা। উইলিয়ামসনের সঙ্গে টিম সাউদিকেও এই ম্যাচে পাবে না গতবারের ফাইনালিস্টরা। বৃদ্ধাঙ্গুলির চোট তাকে ইংল্যান্ড ম্যাচ থেকে বাইরে রাখছে।
বুধবার নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম এই খবর নিশ্চিত করেছেন। ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেন নেই, টিমও।’
ল্যাথামের দৃঢ় বিশ্বাস, শিগগিরই সাউদি ফিরবেন, ‘তাকে (সাউদি) ডাকা হচ্ছে না। সে খুব ভালোভাবে সেরে উঠছে, অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ কেটে গেছে, সুতরাং দৃঢ় বিশ্বাস সে সেরে উঠছে। এটা দিনভিত্তিক প্রক্রিয়া। কিন্তু আমরা আশাবাদী সে দ্রুত দলে ফিরবে।’
প্রায় চার সপ্তাহ আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সাউদির বৃদ্ধাঙ্গুলে চোট লাগে। অস্ত্রোপচার করাতে হয়েছিল। বিশ্বকাপে তার খেলার ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন চিকিৎসকরা।









