আহমেদাবাদে আজ ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। গতবারের দুইবারের ফাইনালিস্টের এই ম্যাচ ফিরিয়ে আনছে অতীত স্মৃতি! এই আহমেদাবাদে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল তারা। আজকের ম্যাচের আগে সেদিনের ম্যাচ পরিস্থিতির দিকে ফিরে তাকানো যাক।
১৯৯৬ বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল ভারত। এবার অবশ্য ব্যতিক্রম ভারত এককভাবে টুর্নামেন্ট আয়োজন করছে। প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করেছিল নিউজিল্যান্ড। লি জার্মোনের নেতৃত্বাধীন কিউই দল ওপেনার নাথান অ্যাস্টলের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছিল। ম্যাচের মূল আকর্ষণ ছিল অ্যাস্টলের ব্যাটিং। তাছাড়া অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস ৩৬ রানের ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ৪৫ রানে দুটি উইকেট নিয়েছিলেন গ্রায়েম হিক।
২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড কিউই বোলিংয়ের সামনে পেরে উঠেনি। গ্রায়েম হিকের অলরাউন্ড নৈপুণ্যের পরেও ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২২৮ রানে থামে ইংল্যান্ড। পরাজিত হয় ১১ রানে! হিক শেষ পর্যন্ত ১০২ বলে ৮৫* রানে অপরাজিত ছিলেন। যোগ্য সঙ্গী না পাওয়া বৃথা গেছে তার ইনিংস।
২৬ রানে তিনটি উইকেট নেন ডিওন ন্যাশ। ৩৩ রানে দুটি নেন গ্যাভিন লারসেন। একটি করে নেন শেন থমসন ও ক্রিস হ্যারিস।









